সারাদেশ

সাতক্ষীরায় সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  সাতক্ষীরা প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ , ৯:৩৬:৫৭ প্রিন্ট সংস্করণ

রাজনৈতিক তকমা দিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, নির্যাতন এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র’।

কর্মসূচিতে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি সংহতি জানিয়ে অংশ নেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর প্রতিনিধিরা।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও এখন টিভির প্রতিনিধি আহসান রাজীব।

সমাবেশে বক্তারা সাম্প্রতিক কয়েকটি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় জড়িয়ে পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, সম্প্রতি গভীর রাতে আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা চালানো হয়; সে সময় তিনি পাশের একটি ঘেরে আশ্রয় নিয়ে রক্ষা পান। একই দিন একটি সভা থেকে মব তৈরি করে তুলে নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিন-এর শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজ-এর প্রতিনিধি ইয়াসিন মোড়লকে পুলিশে সোপর্দ করা হয়। একইভাবে মব সৃষ্টি করে যশোরের কেশবপুর উপজেলার নিজ বাড়ি থেকে মোহনা টিভির প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকেও তুলে নিয়ে পুলিশের হাতে দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, সমাজের অনিয়ম ও অসংগতি তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের নির্যাতন ও মামলার শিকার হতে হচ্ছে। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে উল্লেখ করে তাঁরা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ থেকে রাজনৈতিক পরিচয় জড়িয়ে সাংবাদিক হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার এবং শ্যামনগরের তিন সংবাদকর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, এনটিভির এস এম জিন্নাহ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবির হোসেন আলী, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাতক্ষীরার সকালের আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ ডিজিটালের আলী মুক্তদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস, দ্য এডিটরসের রিজাউল করিম এবং পত্রদূতের হাবিবুল হাসান, আমিনুল ইসলাম, মেহেদী হাসান শিমুলসহ অন্যরা।

আরও খবর

Sponsered content