নেত্রকোনা প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ১১:৩৯:৪৪ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব থেকে স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের মানবিক সহায়তার জন্য বরাদ্দ অর্থ এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মো. উসমান গণি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওর ও নিম্নাঞ্চলের ৮৭৭ জন কৃষকের প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য গত জুলাই মাসে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাবে ওই অর্থ জমা হয়। আগের স্থিতিসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুবিধাভোগী কৃষকদের মধ্যে অর্থ বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই তুলে সচিব রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়। তবে অসুস্থতার কথা বলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন এবং দুই দফা নির্ধারিত তারিখেও উপস্থিত হননি। সর্বশেষ ২৬ নভেম্বর টাকা বিতরণের দিন নির্ধারিত ছিল। এর মধ্যে গত ২২ নভেম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি; তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং বাড়িতেও তাঁর খোঁজ মেলেনি। পরে সন্দেহ হলে বুধবার সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গিয়ে যৌথ হিসাবের বিবরণী সংগ্রহ করেন প্রশাসক। এতে দেখা যায়, ওই হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে।
প্রশাসক ফজলুর রহমানের অভিযোগ, তাঁর ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর থেকে গত রোববার পর্যন্ত বিভিন্ন সময়ে ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেছেন ইউপি সচিব, যা কৃষকদের মাঝে বিতরণ করা হয়নি। এ ছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের যৌথ হিসাব থেকেও একইভাবে টাকা উত্তোলন করা হয়েছে। সোনালী ব্যাংকের ওই হিসাবে আগের স্থিতি ও বিভিন্ন বরাদ্দ মিলিয়ে মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা ছিল। সেখান থেকে স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুই হিসাব থেকে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গণি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিস (৪১), উসমান গণির স্ত্রী বিলকিস আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদারের (২৮) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, ব্যাংকের যৌথ হিসাবের বিবরণী পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ করা হয়েছে। টাকা উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আত্মসাতের অভিযোগ ওঠা অর্থের একটি বড় অংশ প্রান্তিক কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ হওয়ায় প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





















