বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৯:০৮:৪৭ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়।
বিকেল ৪টায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বাঘারপাড়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন কৃষক দলের নেতা টি এস আইয়ুব, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং বিএনপি নেতা আনিসুর রহমান ও হাবিবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম।
বক্তারা বক্তব্যে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে দাবি করেন, দলটি বরাবরই নৈরাজ্য সৃষ্টি করেছে এবং অতীতে নানা বিশৃঙ্খলার পেছনে তাদের ভূমিকা ছিল। এ সময় তাঁরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সজাগ থাকা ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















