অপরাধ

ঘুষের অভিযোগ তোলায় তেঁতুলিয়ায় ফেসবুক লাইভকারী নারীর বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৬:২২:০৭ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভ করা রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তবে জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে তেঁতুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। এতে রেহেনা বেগম উর্মিকে এজাহারনামীয় আসামি করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হিসেবে রয়েছেন উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার। তবে এ বিষয়ে জানার জন্য তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইনে মামলাটি নথিভুক্ত হয়েছে এবং বর্তমানে তদন্ত চলমান রয়েছে। সেই সাথে আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু জানান, সোমবার অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার দুই পক্ষের সাথে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা মেলেনি।

ঘটনার সূত্রপাতে রেহেনা বেগম উর্মি দাবি করেছিলেন, গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। সম্প্রতি ইউএনওর বদলির খবর শুনে তিনি টাকা ফেরত চাইলে তা অস্বীকার করা হয়, এরপরই তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও আফরোজ শাহিন খসরু জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেন না এবং এটি একটি ষড়যন্ত্র। তিনি জানান, যে নিয়োগের কথা বলা হচ্ছে তা আগেই বাতিল করা হয়েছে এবং অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও নেই। উল্লেখ্য, গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ইউএনও আফরোজ শাহিন খসরুকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

আরও খবর

Sponsered content