প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ , ১১:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ
প্রতিদিনের সাজে লিপস্টিক ব্যবহার করেন অনেকেই। তবে দীর্ঘদিন গাঢ় রঙের লিপস্টিক বা ম্যাট ফর্মুলার প্রসাধনী ব্যবহারে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, ফেটে যাওয়া কিংবা কালচে দাগ পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু প্রসাধনীতে থাকা রাসায়নিক উপাদান এবং ম্যাট ফর্মুলা ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে। এই কারণেই অনেকেই এখন লিপস্টিকের পরিবর্তে টিন্টেড বা রঙিন লিপবামের দিকে ঝুঁকছেন। তবে বাজারে পাওয়া সব লিপবাম যে ঠোঁটের জন্য সমানভাবে উপকারী, তা নয়। কিছু পণ্যে থাকা সুগন্ধি, রং ও অন্যান্য উপাদান সংবেদনশীল ত্বকে সমস্যা তৈরি করতে পারে। তাই চাইলে ঘরেই সহজ কিছু উপকরণ দিয়ে রঙিন লিপবাম তৈরি করে নিতে পারেন।
বাজারচলতি লিপবাম বেশি ব্যবহারে কী সমস্যা হতে পারে?
কিছু লিপবামে মিনারেল অয়েল ব্যবহার করা হয়। এটি ঠোঁটের ওপর একটি আবরণ তৈরি করতে পারে। ফলে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখার প্রক্রিয়া ব্যাহত হয়ে শুষ্কতা বাড়তে পারে। দীর্ঘদিন সংরক্ষণযোগ্য করে তুলতে কিছু প্রসাধনীতে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এসব উপাদান জ্বালা বা অস্বস্তির কারণ হতে পারে। এ ছাড়া লিপবামে ব্যবহৃত কৃত্রিম রং ও সুগন্ধি থেকেও অ্যালার্জি, জ্বালাপোড়া বা ঠোঁটে কালচে দাগ দেখা দিতে পারে। কিছু লিপবামে থাকা এক্সফোলিয়েটিং উপাদান অতিরিক্ত ব্যবহারে ঠোঁট আরও শুষ্ক করে তুলতে পারে।
ঘরেই বানিয়ে নিন রঙিন লিপবাম
গাঢ় লাল রঙের জন্য
মোম, শিয়া বাটার ও আমন্ড অয়েল একসঙ্গে গলিয়ে নিন। এরপর এতে বিটরুট পাউডার বা সামান্য বিটের রস মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ছোট পরিষ্কার পাত্রে ঢেলে জমতে দিন।
চকোলেট-কফি ব্রাউন
নুড বা ব্রাউন শেড পছন্দ হলে এই লিপবাম তৈরি করতে পারেন। কোকো বাটার ও নারকেল তেল গলিয়ে তাতে কোকো পাউডার ও সামান্য কফি পাউডার মেশান। ভালোভাবে মিশিয়ে পাত্রে ঢেলে ঠান্ডা করে নিন।
বেরি ব্লাশ
মোম, শিয়া বাটার ও সামান্য রোজমেরি অয়েল গলিয়ে নিন। এরপর এতে স্ট্রবেরি ও বেদানার রস মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। চাইলে সামান্য ভিটামিন ই যোগ করে মিশ্রণটি পাত্রে ঢেলে জমিয়ে নিতে পারেন।
গোল্ডেন হানি
হালকা সোনালি আভা পেতে মোম ও আমন্ড অয়েল গলিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে তাতে মধু ও অল্প হলুদ গুঁড়ো মেশান। ভালোভাবে নেড়ে পরিষ্কার কাচের পাত্রে ঢেলে জমতে দিন।









