মোহাম্মদ ফিরোজ , সৌদিআরব প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৯:১১ প্রিন্ট সংস্করণ
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা-এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
অনুষ্ঠান শুরু হয় মান্যবর কনসাল জেনারেল, জেদ্দা কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর কনস্যুলেটে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, সৌদি আরব, বাংলাদেশ বিমান অফিস, জেদ্দা-এর কর্মকর্তা-কর্মচারী এবং সৌদিতে নিযুক্ত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।
এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলা অনুবাদের মাধ্যমে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মান্যবর কনসাল জেনারেল তাঁর বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সকল স্বাধীনতার আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বাংলাদেশের ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
তিনি সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে সতর্ক করেন, দেশীয় আইন-কানুন মেনে চলা, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করা থেকে বিরত থাকা এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান।














