প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৬ , ৫:৩৫:১৭ প্রিন্ট সংস্করণ
অভিনেত্রীা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৬ অক্টোবর আত্মপক্ষ শুনানির দিন ঠিক করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মী আত্মপক্ষ শুনানির এ তারিখ ঠিক করেন।
এদিন এ মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শিমুর ময়না তদন্তকারী চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের প্রজ্ঞা পারমিতা দত্ত। এ মামলার আসামি নিহতের স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগি এস এম ফরহাদ। সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয়ভাবে সংবাদ পেয়ে কলাতিয়া ফাঁড়ির পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজ থেকে ৩০০ গত উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন ঝোপের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা ৩২ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পরিচয় শনাক্ত করার জন্য আঙ্গুলের ছাপ নেয়া হয়। পোস্টমর্টেমের জন্য মৃতদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে মৃতদেহের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। তদন্তকালে জানা যায়, মৃতদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। দাম্পত্য কলহের জেরে ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭-৮ টার মধ্যে যেকোনো সময় খুন হন শিমু।
শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৯ অগাস্ট কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন । একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়।





















