সাতক্ষীরা প্রতিনিধি : ২৬ জুলাই ২০২৬ , ৫:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই চিকিৎসক ও এক নাইট গার্ডকে বরখাস্ত করা হয়।
সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক ডা. তন্নিকে বরখাস্ত করেন মন্ত্রী। একই হাসপাতালে চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নাইট গার্ডকেও বরখাস্ত করা হয়।
পরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম, বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। সেখানে এক মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. সোহানা সেলিমকে বরখাস্ত করা হয়।
এরপর স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অপর্যাপ্ত। তিনি দাবি করেন, গত ১৭ বছরে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে ৫০ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি পর্যায়ক্রমে সেখানে ডায়ালাইসিস সুবিধাও চালু করা হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের সেবার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অচিরেই ই-হেলথ কার্ড কার্যক্রম চালু করা হবে, যা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।





















