তাপস কুণ্ডু ,ঝিনাইদহ ৭ জানুয়ারি ২০২৬ , ১২:০৫:২৮ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “আমাকে ভোট দিলে প্রকৃতপক্ষে বিএনপি ক্ষমতায় আসবে। আমাকে ভোট দিলে তারেক রহমানকে বিজয়ী করা হবে। তাই দল কাকে প্রার্থী দিয়েছে তার চেয়ে বড় প্রশ্ন হলো, মানুষ এই নির্বাচনে ধানের শীষে ভোট দিচ্ছে কি না।”
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরতলীর মুরারিদহ এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থীর ভোট সরকারের গঠনে কার্যকর হবে না। বিএনপির ভোটার, সমর্থক ও নেতৃবৃন্দ অত্যন্ত সচেতন। তারা মনে করে ধানের শীষের বিকল্প নেই। উচ্চকক্ষে আসন সংখ্যা বাড়াতে হলে ভোট ধানের শীষে দিতে হবে। সরকার গঠনের জন্য আসনগুলোতে জিতে আসা খুবই গুরুত্বপূর্ণ।”
রাশেদ খান আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী সংক্রান্ত সমস্যা শুধুমাত্র ঝিনাইদহ-৪ আসনের নয়, দেশের বিভিন্ন আসনে এ ধরনের সমস্যা রয়েছে। নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা করছেন। তিনি আশ্বাস দেন, “কোনো সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে কারো ক্যারিয়ার নষ্ট হবে না। আমি চাই সবাইকে একসাথে নিয়ে কাজ করতে। বিএনপির যারা দীর্ঘদিন সংগ্রাম করেছে, তাদের ত্যাগ ও অবদান ভুলে যাওয়া হবে না। নেতৃবৃন্দ হাই কমান্ডের বাইরে যাবেন না।”




















