প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৬:১৬:৫০ প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রী না, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, তার অসুস্থতায় বহু দেশের রাষ্ট্রপ্রধানরা খোঁজখবর নিচ্ছেন। সারা দুনিয়ার লোকজন দোয়া করেছেন অবিসংবাদিত, আপোসহীন নেত্রীর জন্য। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এজন্য আমাই ভাঙ্গাবাসীর কাছে দোয়া প্রার্থনা করি।’
তিনি আরও বলেন, ‘এই আলগি ও হামিরদি ইউনিয়ন নগরকান্দার সঙ্গে যুক্ত হয়নি বরং আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি, আমি সব সময় আপনাদের মেয়ে ও বোন হিসেবে পাশে থাকতে চাই।’
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, ‘ইউনিয়নবাসীর সঙ্গে আমার পরিবারের সম্পর্ক এই সম্পর্ক আমি সব সময় বজায় রাখব, আমি যেহেতু কথা দিয়েছি, আমার দল সরকার গঠন করলে এই দুই ইউনিয়নকে আপনাদের সঙ্গে ফিরিয়ে দেওয়ার লড়াই সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।’
কেন্দ্রীয় এই নেতা আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি ভুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম প্রমুখ।





















