ঢাকা, স্টাফ রিপোর্টার: ৩০ ডিসেম্বর ২০২৫ , ১১:০০:৫৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
চার দশকেরও বেশি সময় বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখা খালেদা জিয়ার জীবন শুরু হয়েছিল সাধারণ গৃহবধূ হিসেবে। ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় তিনি রাজনৈতিকভাবে অজ্ঞাত ছিলেন। দলের নেতৃবৃন্দের অনুরোধে ১৯৮২ সালের জানুয়ারিতে রাজনীতিতে আসেন তিনি। এরপর এরশাদবিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন আপসহীন নেতা, যার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ফিরেছে।
রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে মোট ৫ বার আটক করা হয়, এর মধ্যে ৩ বার ছিলেন এরশাদের সামরিক শাসনের সময়, একবার ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং একবার শেখ হাসিনার আওয়ামী লীগের শাসনামলে। ২০০৭ সালে এক বছরের বেশি সময় সাব জেলে আটক থাকার পর ২০০৮ সালে জামিনে মুক্তি পান।
দুর্নীতি মামলায় ২০১৮ সালে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। স্বাস্থ্যগত কারণে বিএসএমএমইউ হাসপাতালে রাখা হলেও প্রায় দুই বছরের বেশি সময় কার্যত কারাগারে ছিলেন। ২০২০ সালের মার্চে শর্তসাপেক্ষে মুক্তি পান এবং ২০২৪ সালের নভেম্বর মাসে দুর্নীতি মামলায় খালাস পান।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে অবিচল সাহস, আপসহীন নেতৃত্ব এবং দেশের জন্য অবদানের ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে।




















