বিনোদন

ঘুমের মধ্যে মারা গেলেন অভিনেত্রী অনন্যা রাজ

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ১১:২১:৫৯ প্রিন্ট সংস্করণ

ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগার পর গত ১৫ জুলাই রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তার। সম্প্রতি এ খবর প্রকাশ্যে এনেছে অভিনেত্রীর পরিবার।

অনন্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেত্রী। কঠিন সময়ের মধ্যেও তিনি সাহস হারাননি এবং দৃঢ় মনোবল নিয়ে প্রতিকূলতার মোকাবিলা করে গেছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, জীবনের শেষ সময় পর্যন্ত নিজের আত্মমর্যাদা ও সাহস ধরে রেখেছিলেন অনন্যা।

তরুণ এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, অনন্যার চলে যাওয়া তার স্বজনদের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জন্যও এটি একটি বড় শূন্যতা।

অভিনয়জীবনে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন অনন্যা রাজ। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সেভেন আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’। পাশাপাশি তেলুগু ভাষার থ্রিলার সিনেমা ‘থাগগেদে লে’ এবং ত্রিভাষিক চলচ্চিত্র ‘মাদরাসি গ্যাং’-এও অভিনয় করেছেন তিনি।

অনন্যার মৃত্যুতে শোকাহত পরিবার তার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content