আবু হানিফ রানা, চট্টগ্রাম ব্যুরো ১১ মে ২০২৬ , ১১:২৬:০৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসকদের রেডিয়েশন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ৬টি অত্যাধুনিক রেডিয়েশন প্রটেকশন শিল্ড (আরপিএস) প্রদান করেছে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট।
রোববার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. নুরুদ্দীন তারেক, ডা. ইব্রাহীম চৌধুরী, ডা. আনিসুল আওয়াল, ডা. ইফতেখার লিটন, ডা. সায়েফ উদ্দীন সোহাগ ও ডা. আজিজুর রহমান মজুমদারসহ বিভাগের অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।
ট্রাস্টের পক্ষ থেকে এবং কডর্নের চট্টগ্রাম ডিস্ট্রিবিউটর ফ্রেশ ফিউশন হেলথকেয়ারের প্রতিনিধি মুন্না আহমেদ, মঈনুল হক আকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শিল্ডগুলো হস্তান্তর করেন।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সায়েফ উদ্দীন সোহাগ বলেন, “ক্যাথল্যাবে কর্মরত চিকিৎসকদের প্রতিদিন দীর্ঘ সময় রেডিয়েশনের মধ্যে কাজ করতে হয়। রোগীদের জীবন বাঁচাতে গিয়ে চিকিৎসকরাও নীরবে স্বাস্থ্যঝুঁকির মুখে থাকেন। এই বাস্তবতায় সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের দেওয়া রেডিয়েশন প্রটেকশন শিল্ড আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সহায়তা।”
তিনি আরও বলেন, “এটি শুধু একটি সুরক্ষা সরঞ্জাম নয়, চিকিৎসকদের নিরাপত্তা ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে চিকিৎসকরাও আরও আত্মবিশ্বাসের সঙ্গে রোগীদের সেবা দিতে পারবেন।”
ফ্রেশ ফিউশন হেলথকেয়ার কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন এসব শিল্ড চিকিৎসকদের রেডিয়েশন এক্সপোজার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। বিশেষ করে ক্যাথল্যাবে দীর্ঘসময় কাজের ক্ষেত্রে এটি বাড়তি সুরক্ষা নিশ্চিত করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্যসেবায় মানবিক সহায়তা ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের এ উদ্যোগ চট্টগ্রামের স্বাস্থ্যখাতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।




















