সৌদি আরব প্রতিনিধি :: ২৪ নভেম্বর ২০২৫ , ১০:১০:৫৭ প্রিন্ট সংস্করণ
সৌদি আরবের জেদ্দায় আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশনস অ্যান্ড কনফারেন্সেস আয়োজিত আসন্ন ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো – সৌদি আরব’ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা ২৩ নভেম্বর ২০২৫ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ বছরের এক্সপোতে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে বাংলাদেশের ১১টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পণ্য, বিনিয়োগ ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে সমাদৃত ও চাহিদাসম্পন্ন নানা ধরনের পণ্য প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে—
তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট, হস্তশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য, গৃহস্থালি সামগ্রী ও গৃহসজ্জার উপকরণ।
তিনি আশা প্রকাশ করেন, এসব পণ্য সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, দর্শনার্থীরা বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, বাণিজ্য সুযোগ এবং ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন দিগন্ত সম্পর্কে জানতে পারবেন। এ উদ্যোগ দেশের রপ্তানি প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে মেলাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে সৌদি ব্যবসায়ী, আমদানিকারক, বিনিয়োগকারী এবং প্রবাসী ব্যবসায়ীদের এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।





















