এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ৪ নভেম্বর ২০২৫ , ৩:৪০:৩৫ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের দিঘড়ী গ্রামে সরকারি রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত ইমারত উচ্ছেদ করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।
অভিযানে হাল রেকর্ডভুক্ত সরকারি প্রায় ২৫০ মিটার রাস্তা দখলমুক্ত করা হয়। এ সময় সরকারি রাস্তার ওপর গড়ে ওঠা আটটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অবৈধ দখলদারদের মধ্যে ছিলেন একই গ্রামের হানিফ (পিতা বাক্কার), আলী আহম্মেদ (পিতা আব্দুল্লাহ), জক্কার (পিতা কেরামত), হোসনে আলী (পিতা কাশেম গাজী), কিতাব আলী (পিতা মতিয়ার মোড়ল) ও মুজিবর (পিতা মতিয়ার মোড়ল) প্রমুখ।
অভিযানে উপস্থিত ছিলেন সার্ভেয়ার ফিরোজ আলম, হাজিরবাগ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং বাঁকড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সরকারি রাস্তা দখল করে বাড়িঘর নির্মাণ করেছিলেন। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্তে বিষয়টি প্রমাণিত হলে দখলমুক্ত করতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন,“সরকারি সম্পত্তির ওপর কোনো ধরনের অবৈধ দখলদারিত্ব সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছে।




















