ঝিনাইদহ প্রতিনিধি: ২৪ জুলাই ২০২৬ , ১১:৩৭:৩৩ প্রিন্ট সংস্করণ
উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শুক্রবার (২৪ জুলাই) শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গত ১৬ জুলাই শুরু হওয়া নয় দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে উল্টো রথ টানার মাধ্যমে।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের অধীশ্বর। তাঁর কৃপা লাভ করলে মানুষের মোক্ষ লাভ হয় এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি মেলে। এ বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেবের প্রতিমা রথে স্থাপন করে রথযাত্রার আয়োজন করা হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, ভাগবত পাঠ, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঝিনাইদহ শহরের শোভাযাত্রা মদনমোহন মন্দির থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, শহীদ মিনার মোড়, পাইরা চত্বর ও সুইট মোড় প্রদক্ষিণ করে দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। ভারতের পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এ উৎসবের ঐতিহ্য সবচেয়ে সমৃদ্ধ হলেও বাংলাদেশেও এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে।





















