এম.আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৪ মার্চ ২০২৬ , ১১:২৩:০৯ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামে একটি গভীর নলকূপে গোসল করার সময় ১০ বছরের এক শিশুকে মারধর করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আহত শিশুর পিতা মো. মনিরুজ্জামান (৪৫) বাদী হয়ে কুন্দিপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জাফর (৪২) কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, কুন্দিপুর মাঠে বিবাদীর গভীর নলকূপে গোসল করতে গেলে শিশুটি বিভিন্ন সময়ে গালিগালাজ ও মারধরের শিকার হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে শিশু বাদির নিষেধ সত্ত্বেও বিবাদী তাকে চড়, বেত দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত পরে শিশুকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রাথমিক চিকিৎসার জন্য শিশুকে মটরসাইকেলে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ জানান, “একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযুক্ত মো. জাফরের সঙ্গে ফোনে যোগাযোগ সম্ভব হয়নি।




















