সারাদেশ

ঝিনাইদহে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৮:৫১:৪৮ প্রিন্ট সংস্করণ


ঝিনাইদহের আরাপপুর নিউ একাডেমি গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর শুভ উদ্বোধন
এসো নবীন, মাতি ক্রিকেট উন্মাদনায়”—এই স্লোগানকে সামনে রেখে রবিবার (৯ নভেম্বর) দুপুরে আরাপপুর যুব সমাজের উদ্যোগে এবং ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন-এর সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস বলেন, “খেলাধুলা সমাজ গঠনের অন্যতম শক্তি। এটি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে, রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বাড়ায় এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। আরাপপুর যুব সমাজের এমন ইতিবাচক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

এবারের টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্ব শেষে দ্বিতীয় রাউন্ড থেকে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ফ্লাডলাইটের আলোতে রাতে আয়োজন করা হবে।

টুর্নামেন্টের আহ্বায়ক সাজ্জাদুল হক মিলন বলেন, “২০০৩ সালে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। তখন থেকেই আমরা তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করছি, যাতে তারা মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ায়। একসময় এই মাঠ মাদকাসক্তদের দখলে ছিল, এখন আমরা চাই এটি খেলাধুলার প্রাণকেন্দ্রে পরিণত হোক।”

আরাপপুর ও আশপাশের এলাকার তরুণ সমাজ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরও খবর

Sponsered content