রাজনীতি

ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

  ঢাকা, নিজস্ব প্রতিবেদক: ২৬ জানুয়ারি ২০২৬ , ১:২২:৩৫ প্রিন্ট সংস্করণ


রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকালে ওই এলাকায় গণসংযোগের সময় এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন আদীব।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আদীব লেখেন, “খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসীদের হামলা। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।”

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল লোকজন এই হামলা চালিয়েছে। দলটির মিডিয়া সেল আরও জানায়, এর আগের দিন রোববারও একই এলাকায় বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীরের লোকজন এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করে।

এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়, ওই ঘটনার পর বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে তিনি আশ্বাস দেন যে, ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না।

এই ঘটনার মধ্য দিয়ে ভোটের আগ মুহূর্তে ঢাকা-১৮ আসনে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীদের ওপর হেনস্তার অভিযোগ নতুন করে সামনে এসেছে।

আরও খবর

Sponsered content