বগুড়া প্রতিনিধি: ২৪ নভেম্বর ২০২৫ , ৫:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বগুড়া সরকারি কলেজ টাইব্রেকারে ৪-২ গোলে সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই আক্রমণাত্মক খেলায় সমতা বজায় রাখে এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দুর্দান্ত দক্ষতা দেখিয়ে বিজয় ছিনিয়ে আনে বগুড়া সরকারি কলেজ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বগুড়া সরকারি কলেজের গোলরক্ষক সিফাত, যিনি টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করে দলকে শিরোপা জিততে সহায়তা করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরম হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশিদ শাহিন, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ।
বগুড়ায় তারুণ্যের এই ফুটবল উৎসব ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের ব্যাপক আগ্রহ।




















