মোঃ মিজানুর রহমান মিন্টু , স্টাফ রিপোর্টার ১৯ নভেম্বর ২০২৫ , ১১:৫৮:৩৮ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই ট্রাকচালক বলে জানা গেছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থলবন্দর এলাকার প্রথম গেট থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে নিরাপত্তা প্রহরীরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক চারজন হলেন— মো. হাসান (১৮), রাজিব (২০), হানিফ (২০) ও সোহেল।
হাসান বগুড়ার সদর উপজেলার মানিকচর এলাকার মিন্টু মিয়ার ছেলে, রাজিব একই উপজেলার নামুজা গ্রামের পলাশের ছেলে, হানিফ শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিকের ছেলে এবং সোহেল চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে স্থলবন্দরের প্রথম গেট থেকে ওই নারীকে জোরপূর্বক ধরে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রাতভর তাকে ধর্ষণ করা হয়। রাত ৩টার দিকে বন্দরের নিরাপত্তা প্রহরীরা বিষয়টি টের পেয়ে চারজনকে হাতেনাতে আটক করে এবং তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, “মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুতর। মামলার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।




















