জাতীয়

‘দুই নেত্রীর যুগ’ শেষে নতুন অধ্যায়: ত্রয়োদশ নির্বাচনে পুরুষ প্রধানমন্ত্রীর সম্ভাবনা

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২৬:৫৫ প্রিন্ট সংস্করণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশ পেতে যাচ্ছে নতুন এক পুরুষ প্রধানমন্ত্রী—যিনি এর আগে কখনও সংসদ সদস্য ছিলেন না।

১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত, তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ব্যতীত, প্রায় ৩৪ বছর দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই নারী নেতা—বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গনে এই সময়কাল ‘দুই নেত্রীর যুগ’ নামে পরিচিত ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সেই ধারাবাহিকতায় বড় পরিবর্তন আনে। আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। টানা ১৫ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা দলটির জন্য এটি বড় রাজনৈতিক বিচ্ছেদ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের সমাপ্তির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।

এবারের নির্বাচনে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর শীর্ষ নেতৃত্বে কোনো নারী নেই। বিএনপি জয়ী হলে দলটির চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। এটি হবে তাঁর প্রথম জাতীয় নির্বাচন। সংসদে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও দলীয় নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট তাঁকে সামনে নিয়ে এসেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১-দলীয় জোটও নির্বাচনী মাঠে সক্রিয়। এই জোট ক্ষমতায় এলে সরকারপ্রধান হিসেবে একজন পুরুষ নেতাই দায়িত্ব নেবেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা পেলে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার হতে পারেন।

ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায়, ১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। এরশাদ সরকারের সময় কাজী জাফর আহমদ ছিলেন সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর দীর্ঘ প্রায় ৩৬ বছর দেশের শীর্ষ নির্বাহী পদে ছিলেন নারী নেতৃত্ব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ বাঁক। নারী নেতৃত্বের দীর্ঘ অধ্যায়ের পর আবারও পুরুষ নেতৃত্বের সম্ভাব্য প্রত্যাবর্তন—রাজনৈতিক ইতিহাসে তা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মুহূর্ত।

আরও খবর

Sponsered content