সারাদেশ

নওগাঁয় চালকলে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

  নওগাঁ প্রতিনিধি: ৮ অক্টোবর ২০২৬ , ২:২৬:৫৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁ সদর উপজেলার একটি চালকলে বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। তাঁদের নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে ধান সিদ্ধ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও চালকলে ধান সিদ্ধ করার কাজ চলছিল। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে নিরাপদ স্থানে সরে যান।

পরে ধোঁয়া কমে গেলে শ্রমিকরা চাতালে আব্দুল খালেককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে দ্রুত নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত চার শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সময় চাতালে কাজ করছিলেন শ্রমিক হামিদা বেগম। তিনি বলেন, “একসঙ্গেই কাজ করলাম। একটু পর দেখলাম খালেক ভাই আর নেই। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে চাই।”

সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকাহত শ্রমিকরা কর্মক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করতে হলেও অনেক চাতালে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content