মোঃ নাজমুল হক মণি-নরসিংদী: ২৬ জানুয়ারি ২০২৬ , ৯:৫৬:২৫ প্রিন্ট সংস্করণ
নরসিংদীতে মেঘলা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী রজু পলাতক রয়েছেন।
নিহত মেঘলা আক্তার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের বালু ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে রজুর স্ত্রী এবং একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তাদের রায়হান (৩) নামে এক পুত্রসন্তান রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামে এই ঘটনা ঘটে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি। তারা জানান, বিয়ের পর থেকেই মেঘলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।















