প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ১:২২:৫৯ প্রিন্ট সংস্করণ
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবেকাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ‘গত ছয় মাসে সরকারের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো, এই ছয় মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে।’
সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।
সভায় অর্থনীতিতে সংস্কার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজ অনেকটাই চূড়ান্ত হওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন মাহদী আমিন।তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, ‘গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে। গত ছয় মাসে অজস্র গণসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশজুড়ে যেখানে গিয়েছেন সেখানে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে বর্তমান সরকার দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে।’
তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বাড়ালেও একটা দীর্ঘ সময় পর্যন্ত সরকার তেলের দাম না বাড়িয়ে বরং সরবরাহকে নিরবচ্ছিন্ন রেখেছিল।’
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন,‘সরকার গঠনের পর সেই রাষ্ট্র ব্যবস্থায় যেন কোনো সিন্ডিকেট না হয়, যেন কৃত্রিমভাবে দাম বাড়ানো না হয়, সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে দীর্ঘ সময় পর কোনো ধরনের শ্রমিক অসন্তোষ হয়নি। কারণ সরকারে দৃঢ় পদক্ষেপে শ্রমিক, মালিক , ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন সবাইকে এক করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যাতে প্রতিটি শ্রমিক তাদের বেতন ও বোনাস বকেয়া বুঝে পান।’
এদিন দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ বিশেষ সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন়- প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।





















