সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ৮:৪৩:১৩ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী বিআরটিসি ডাবল ডেকার বাসে যাত্রী হয়রানি, স্টুডেন্ট পাস বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নেত্রকোনা পৌরশহরের বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে ‘সচেতন নাগরিক ও ছাত্র সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষার্থী, ভুক্তভোগী যাত্রী এবং বাসের সাবেক কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিআরটিসি ময়মনসিংহ ডিপোর ম্যানেজার এনামুল হকের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, স্টুডেন্ট পাস বন্ধসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ বিভাগের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাশ অভি বলেন, “আগে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় যাতায়াত করতে পারলেও এখন তাদের কাছ থেকে পুরো ভাড়া আদায় করা হচ্ছে।”
নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী মম অভিযোগ করেন, বাসের স্টাফরা শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন এবং হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানান। অপর শিক্ষার্থী নাফিস বলেন, যাত্রীসেবার মান দিন দিন খারাপ হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া যাত্রীরা বাসের ফিটনেস নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, বাসগুলোর সিট ভাঙা, ফ্যান অচল এবং জানালার গ্লাস না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআরটিসির এক সাবেক কর্মী অভিযোগ করেন, বাসের বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষকে জানালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
প্রতিবাদকারীরা আরও দাবি করেন, সংশ্লিষ্ট ডিপো ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এসব বিষয়ে তদন্তের প্রয়োজন।
তবে এ বিষয়ে জানতে চাইলে ডিপো ম্যানেজার এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধন থেকে অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ, যাত্রীসেবার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট পাস ও হাফ ভাড়া পুনর্বহালের দাবি জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।




















