রাজশাহী জেলা প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০০:৪৯ প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “বিগত পনেরো বছরে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন জনগণ, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের পেশাদারিত্ব অপরিহার্য।”
তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে কেন্দ্রভিত্তিক সন্ত্রাসী ও বিশৃঙ্ঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আগাম ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।
সতর্ক করে তিনি বলেন, ব্যক্তি বা রাজনৈতিক দলের কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। দায়িত্বে অবহেলা, পক্ষপাত বা লোভের কারণে অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের প্রতিটি ধাপে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নির্দেশনা, নির্বাচনি আচরণবিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ বাধ্যতামূলক।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র্যাব, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সহ রাজশাহী বিভাগের জনপ্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















