সারাদেশ

পরিবহন খাতে চাঁদা ইস্যুতে বিতর্ক, বক্তব্য প্রত্যাহারের আহ্বান তাহেরির

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৪১:১৩ প্রিন্ট সংস্করণ


পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম–এর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তাহেরি লিখেন,
“চাঁদা এক প্রকার জুলুম—হোক সমঝোতার ভিত্তিতে কিংবা জোর-জবরদস্তির ভিত্তিতে। আপনার বক্তব্যে চাঁদাবাজি উৎসাহ পেতে পারে। আশা করছি, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী বক্তব্যটি প্রত্যাহার করবেন। জয় হোক মানবতার।”

জানা গেছে, একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে অর্থ আদায় প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয়, সেটিকে তিনি ‘চাঁদাবাজি’ মনে করেন না। তার ভাষ্য অনুযায়ী, এসব অর্থ মালিক-শ্রমিকদের সমঝোতার ভিত্তিতে এবং একটি অলিখিত বিধি মেনে তাদের কল্যাণে নেওয়া হয়।

মন্ত্রী আরও বলেন, “চাঁদাবাজি হলো এমন কিছু, যেখানে কেউ টাকা দিতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয়।” সমঝোতার ভিত্তিতে টাকা আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, মন্ত্রীর বক্তব্য নিরপেক্ষভাবে ভাবা প্রয়োজন। শ্রমিক সংগঠনগুলোর অনুদান সবসময় চাঁদাবাজি নয়। তবে পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় আরও সংযত বক্তব্য দিলে ভালো হতো।

এদিকে তাহেরির পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

আরও খবর

Sponsered content