প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ২:৩২:৫১ প্রিন্ট সংস্করণ
নিখোঁজের ৩ দিন পর পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গতকাল সোমবার দিনগত রাত ১২টার দিকে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসি রাসেল মল্লিকের ছেলে। রাইয়ান স্থানীয় পশারিবুনীয়া আফছারিয়া নূরানী কিণ্ডার গার্টেনে শিশু শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর লাশ খড়ের গাদায় লুকিয়ে রেখেছে।
এদিকে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার শিশু রাইয়ান সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। দিন রাত তাকে খুঁজে না পেয়ে শিশুটির মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রতিবেশি কাদের মল্লিকের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশুর মা তন্নী আক্তার বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’














