জাতীয়

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ২:০৫:১৯ প্রিন্ট সংস্করণ

পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘মেসেজ একটাই-রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আপনাদের সামনে অবারিত সুযোগ-নিজেদেরকে সংশোধিত করুন।’

আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে ২০২৬ সালের পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা করার এবং ক্ষেত্রমতে ফ্যাসিবাদের শক্তিকে কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে অথবা অন্যভাবে সহযোগিতা করার সংবাদ, ইনফরমেশন, তথ্য আমাদের কাছে আছে। এমন কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কিছু মেসেজ দিতে চাই। গণতান্ত্রিক ভিত্তির ওপর, জন-আকাঙ্ক্ষা ও ব্যাপক জনপ্রত্যাশার ওপর এবং তরুণদের দুই-তৃতীয়াংশের সমর্থনের ওপর দাঁড়িয়ে গঠিত সরকার অত্যন্ত শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘আমরা পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ডে বিশ্বাস করি। প্রতিনিয়ত শিষ্টের পালন এবং দুষ্টের দমন করে যাচ্ছি। হয়তো শতভাগ ন্যায়বিচার আমরা প্রত্যেকের ক্ষেত্রে পালন করতে পারছি না। কিন্তু সময় পেরিয়ে যায়নি।’

শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কঠোর হওয়ার বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আশা করি মেসেজটা পেয়েছেন। আপনাদের সামনে অবারিত সুযোগ। নিজেদের সংশোধন করুন।’

তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যায়ে সবার উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষায় এবং জনপ্রত্যাশা পূরণে সরকার কঠোর হতে বাধ্য।

তিনি আরও বলেন, ‘পতিত ফ্যাসিবাদের শক্তি অন্যান্য বাহিনীর মতো পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে, রাজনৈতিকভাবে মিসইউজ করেছে, অ্যাবিউজ করেছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। অনেকে বাধ্য হয়েছেন নির্দেশ, অবৈধ নির্দেশ, বেআইনি নির্দেশ পালন করতে। কিন্তু আমরা সুযোগ দিয়েছি আপনাদের সবাইকে সংশোধনের, জন-আস্থা অর্জনের।’

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পুলিশ অফিসার, যে পদবিরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন তাহলে তার পরিণতি ভালো হবে না।

পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণ এখন আমাদের রাজা-বাদশা দেখতে চায় না। তারা জনবান্ধব পুলিশ দেখতে চায়। কোথাও গিয়ে আপনারা সিনিয়র অফিসাররা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যেটা জনগণের চোখে অস্বাভাবিক লাগে, অগণতান্ত্রিক লাগে। এমন কোনো আচরণ অধীনস্থদেরও অনুমতি দেবেন না বা প্রশ্রয় দেবেন না, যে কর্মকাণ্ড সমাজের চোখে, জনগণের চোখে অস্বস্তি, অশান্তি বা পীড়া দেয়।’

তবে দায়িত্ব পালনের সময় সৎ উদ্দেশ্যে হওয়া ছোটখাটো ভুলকে আলাদাভাবে বিবেচনার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভুলত্রুটি থাকবে। ইন গুড ফেইথ আইনও সেটা ক্ষমা দেবে। যদি ইন গুড ফেইথ কর্তব্য পালন করতে গিয়ে ছোটখাটো ভুলত্রুটি হয়, সেটা অবশ্যই সেভাবে দেখা হবে।

এরপরই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং ক্রিমিনাল অফেন্স একসঙ্গে কার্যকর করা হবে। শুধু বিভাগীয় শৃঙ্খলা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকব না। সঙ্গে যদি কোনো ক্রিমিনাল অফেন্স সংঘটিত হয়ে থাকে, তার জন্য একই সঙ্গে সেটা ক্রিমিনাল ল, পেনাল কোড, সিআরপিসি যাই হোক, সেই অনুযায়ী জাস্টিসের আওতায় আনা হবে।

বিভাগীয় শাস্তির মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে এমনটা ভাবার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ভাবার কোনো কারণ নেই যে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিউর হবে, তিরস্কার হবে বা লঘু দণ্ড-গুরু দণ্ড হবে। আমাদের জনপ্রত্যাশা পূরণ করতে হবে।’ এ সময় শৃঙ্খলার সঙ্গে সবার দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আরও খবর

Sponsered content