বগুড়া প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৮:৪৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ৫ নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের নেতা–কর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে সমাবেশটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি বক্তব্যে সংগঠনের নেতা–কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
“জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। ৫ নং ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধ থাকলে এলাকার সার্বিক উন্নয়ন দ্রুত সম্ভব হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক। তিনি স্থানীয় নেতা–কর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার এবং জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড নির্বাচন কমিটির সভাপতি মো. আব্দুল হান্নান। তিনি সফলভাবে সমাবেশ আয়োজনের জন্য নেতা–কর্মী ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।














