মোঃ রাশেদ মিয়া , স্টাফ রিপোর্টার, বগুড়া। ৪ এপ্রিল ২০২৬ , ৫:৪০:৪৪ প্রিন্ট সংস্করণ
বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গত ২ এপ্রিল থেকে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন দায়িত্ব পালন করবেন। বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে ৩ এপ্রিল থেকেই তারা নিয়মিত টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ শুরু করেছেন। নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সক্রিয় থাকবেন।
বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তারেক রহমান জয়লাভ করেন। পরবর্তীতে ঢাকা-১৭ আসন বহাল রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে এটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
আগামী ৯ এপ্রিল এই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ওই দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সমন্বিত তৎপরতায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।





















