জাতীয়

বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ , ২:১৯:৪০ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে শুরু হয় ভোটগ্রহণ। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

এই নির্বাচনে ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সংসদ সদস্যরা। নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ।

এর আগে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়। এরপর সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

এদিকে নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের যত রকম প্রস্তুতি প্রয়োজন তা সম্পন্ন করেছি। প্রস্তুতির কোনো ঘাটতি নেই। এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাচ্ছি। আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারবো।’

আরও খবর

Sponsered content