মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:১৬:০৯ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাগমারা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাংকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা সমষপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সোমবার দুপুরে নিজ বাসভবনের পাশে জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাগমারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাজশাহী পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ফজলুর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




















