খেলাধুলা

বিশ্বকাপে ড্রোন মোকাবিলায় ৩২ লাখ ডলারের প্রযুক্তি

  প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১১:৪২:৩২ প্রিন্ট সংস্করণ

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে উন্নত ড্রোন প্রতিরোধ প্রযুক্তি সংগ্রহে প্রায় ৩২ লাখ ডলারের অনুদান পেয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ।

বিভাগটির ঘোষণায় বলা হয়েছে, এই অর্থ ব্যবহার করে এমন আধুনিক প্রযুক্তি মোতায়েন করা হবে যা বড় আয়োজন ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে অনুমতিহীন কিংবা ঝুঁকিপূর্ণ ড্রোন শনাক্ত, অনুসরণ ও নিয়ন্ত্রণ করতে সক্ষম।

টেক্সাস জননিরাপত্তা বিভাগের কর্নেল ফ্রিম্যান মার্টিন বলেন, ‘বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আয়োজন লাখো দর্শনার্থীকে টেক্সাসে নিয়ে আসে এবং জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বিশাল চাপ তৈরি করে। তাই উন্নত ড্রোন প্রতিরোধ প্রযুক্তিসহ সব ধরনের সম্পদ ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। জননিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে ব্যবস্থা নিতে আমরা এক মুহূর্তও দেরি করব না।’

২০২৬ বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে রয়েছে ডালাস ও হিউস্টন। জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, এই প্রযুক্তি বড় জনসমাগম, সীমিত আকাশসীমা এবং স্টেডিয়াম ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি ভবিষ্যতের বড় আয়োজনগুলোতেও এটি ব্যবহার করা হবে।

বিভাগটির তথ্য অনুযায়ী, প্রযুক্তিটি স্থায়ী ও চলমান—দুই ধরনের ব্যবস্থায় কাজ করবে। অর্থাৎ নির্দিষ্ট স্থানে বসে কিংবা চলন্ত অবস্থাতেও আকাশসীমা পর্যবেক্ষণ করা যাবে। রেডিও তরঙ্গ পর্যবেক্ষণ ও ফেডারেলভাবে নির্ধারিত দূরবর্তী শনাক্তকরণ সংকেত ব্যবহার করে এটি তাৎক্ষণিকভাবে ড্রোন শনাক্ত ও অনুসরণ করতে পারবে।

শুধু শনাক্ত করাই নয়, জননিরাপত্তা, জরুরি উদ্ধার কার্যক্রম বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি তৈরি করা ড্রোনকে নিরাপদভাবে নিষ্ক্রিয় বা নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতাও থাকবে এই ব্যবস্থায়। তবে সব কার্যক্রমই যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও তদারকির আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভাগটির প্রধান বৈমানিক কর্মকর্তা স্টেসি হল্যান্ড বলেন, ‘ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই অনুমতিহীন ড্রোন শনাক্ত, অনুসরণ ও নিয়ন্ত্রণের সক্ষমতা বড় জনসমাগম ও জরুরি কার্যক্রম রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি ড্রোন ব্যবহারকারীদের প্রতি বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম মেনে চলা, নিবন্ধন সম্পন্ন করা এবং আকাশসীমার বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

এই প্রকল্পে যুক্ত কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিশেষ প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণে বৈধ ড্রোন নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং বড় আয়োজন চলাকালে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শিক্ষা দেওয়া হবে।

জননিরাপত্তা বিভাগ আরও জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ড্রোনবিরোধী ক্ষমতা বাড়ানোর যে পদক্ষেপ নিয়েছে, এই উদ্যোগ তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। নতুন প্রতিরক্ষা আইনে রাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা ঝুঁকি তৈরি করা ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে আরও বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content