স্পোর্টস ডেস্ক ৩ নভেম্বর ২০২৫ , ১২:৪২:০৭ প্রিন্ট সংস্করণ
ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয়ের আনন্দে যখন গোটা দেশ উচ্ছ্বাসে ভাসছে, ঠিক তখনই সামনে এলো আরেকটি সুখবর—দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা বিয়ে করতে যাচ্ছেন তার বহুদিনের প্রেমিক, গায়ক ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলকে।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২৫। অনুষ্ঠানটি হবে মহারাষ্ট্রের সাংলিতে, যা স্মৃতির কাছে বিশেষ আবেগের জায়গা। এখানেই তার বেড়ে ওঠা, এখানেই শুরু হয়েছিল তার ক্রিকেটজীবন।
যদিও স্মৃতির জন্ম মুম্বাইয়ে, তবে শৈশব, স্কুলজীবন ও ব্যাট হাতে প্রথম দিনগুলো কেটেছে সাংলির মাধবনগরে। তাই বিয়ের আয়োজনও হবে ঘনিষ্ঠ পরিবেশে—পরিবারের সদস্যদের আয়োজনে, যেখানে থাকছে “সঙ্গীত ও ক্রিকেটের নিখুঁত মেলবন্ধন।”
২০২৪ সালে ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসে স্মৃতি ও পলাশের সম্পর্ক। ভারতের বিশ্বকাপ জয়ের পর প্রেমিক পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতির হাতে বিশ্বকাপ ট্রফির একটি ছবি শেয়ার করে লেখেন, “সবচেয়ে এগিয়ে আমরা ভারতবাসী।” সেই পোস্টে অসংখ্য ভক্ত মন্তব্য করেন, “লাকি গাই!”
পলাশও বিয়ের খবর নিশ্চিত করেছেন। এক অনুষ্ঠানে হাসতে হাসতে তিনি বলেন, “শিগগিরই সে ইন্দোরের বউ হয়ে আসবে… ব্যস, এতটাই বলতে চাই। আমি আপনাদের হেডলাইন দিয়ে দিলাম।”
পলাশ মুচ্ছল একজন জনপ্রিয় ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক ও গীতিকার। তার গাওয়া বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তেরা হিরো ইধার হ্যায়’। এছাড়া ‘খুশ নুমা’, ‘ও খুদা’, ‘মুসাফির’–এর মতো স্বাধীন গানও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।




















