মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৬:৫২:২৪ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর–২ (সদর–টঙ্গী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধভাবে মঞ্জুর হওয়ায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং নতুন অনুপ্রেরণার উৎস। তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সঙ্গে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সম্মানিত নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানান।
আলহাজ্ব সালাহউদ্দিন সরকার আরও বলেন, “এই অর্জন আমাকে জনগণের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে। জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়া নিয়েই আগামীর পথচলায় এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গাজীপুর–২ আসনের সার্বিক উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করে যাব।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
এ সময় তিনি গাজীপুর–২ আসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।














