মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৯:২২:৫৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে অপদস্থ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। পরে সন্দেহভাজন এক যুবককে স্থানীয়রা আটক করে বাজারে নিয়ে আসেন। সেখানে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় এবং মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
স্থানীয়দের একাংশ ঘটনাটিকে চুরির বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ হিসেবে দেখলেও অন্যরা এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচার ও শাস্তি প্রদানের দায়িত্ব আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।”
তিনি আরও বলেন, বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহল মনে করছে, অপরাধ দমনে জনসচেতনতা প্রয়োজন হলেও আইনের শাসন বজায় রাখতে বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা জরুরি।




















