সারাদেশ

মাধবপুরে বিএনপির প্রচারণায় যুবলীগ নেতার উপস্থিতি নিয়ে চাঞ্চল্য

  নাহিদ মিয়া , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

বিএনপির ধানের শীষের প্রচারণায় যুবলীগ নেতা খোকন মিয়া।

হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর উপজেলায় বিএনপির ধানের শীষ প্রতীকের এক নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে স্থানীয় এক যুবলীগ নেতাকে। তিনি খোকন মিয়া—চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা আবদু শহীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে বিএনপির ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সালের পক্ষে আয়োজিত প্রচারণায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগের নেতৃত্বে পোস্টার হাতে খোকন মিয়াকে দেখা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাংশের প্রশ্ন—বিএনপির কি নিজস্ব নেতাকর্মীর অভাব দেখা দিয়েছে? অন্যদিকে আরেক অংশের মন্তব্য, ধানের শীষে জনসমর্থন বাড়তে থাকায় ভিন্ন দলের নেতাকর্মীরাও যুক্ত হচ্ছেন, এতে অস্বাভাবিক কিছু নেই।

এ বিষয়ে যুবলীগ নেতা খোকন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, “বর্তমানে আওয়ামী লীগ বা যুবলীগের পরিচয়ের কারণে নানা ট্যাগের মুখে পড়তে হয়। দলীয়ভাবে কাজ করতে গেলেও নানা শর্ত মানতে হয়। সম্ভবত পারিবারিক কারণে খোকন মিয়া এমন সিদ্ধান্ত নিয়েছেন—এতে তার ব্যক্তিগত দোষ দেখছি না।”

আরও খবর

Sponsered content