প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ১০:৫৬:০৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রেজাউল হক (৩৬) মান্দা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের বাসিন্দা রেজাউল হক ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী হামিদুর রহমান বাবু (৫২), হেলাল প্রাং (৪৫), বেলাল প্রাং (৪৮), আব্দুল হামিদ মৃধা ভোলা (৪৫) এবং সেলিম হোসেন (২৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছেন।
রেজাউল হকের দাবি, বাঁশবাড়ীয়া মৌজার খতিয়ান নং ১১০, হাল দাগ নং ৩৮৫, ৩৮৬, ৩৮৭ ও ৩৮৮—মোট ৩৫ শতাংশ জমির মধ্যে তার দাদী আমেনা বেগমের নামে ১৭.৫০ শতাংশ জমি দলিল (নং-৪৭৩, তাং-২৮/০১/১৯৭৪ ইং) অনুযায়ী তাদের দখলে রয়েছে।
তিনি অভিযোগ করেন, আসামিরা ওই জমি দখলের উদ্দেশ্যে একাধিকবার হুমকি দিয়েছে এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে। স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
সর্বশেষ গত ২৪ অক্টোবর সকাল ১১টার দিকে এক বৈঠকে আসামিরা একটি জাল দলিল (নং-১২, তাং-০২/০১/১৯৭৪ ইং) উপস্থাপন করে দাবি করে জমিটি তাদের। পরে রেজাউল হক রেকর্ডরুম থেকে মূল দলিল যাচাই করে দেখেন, উক্ত দলিলের ক্রেতা-বিক্রেতা সম্পূর্ণ ভিন্ন—যা তার জমির সঙ্গে সম্পর্কিত নয়।
রেজাউল হক বলেন, “আমরা প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়ে থানায় এজাহার দিয়েছি।”
এ ঘটনায় স্থানীয় আব্দুস সামাদ সরদার, আব্দুল জলিল সরদার, আব্দুল খালেক মৃধা ও লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “এজাহারটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




















