প্রচ্ছদ

মারমুলে তাপমাত্রা বৃদ্ধি, শ্রমিকদের জন্য সতর্কতা জারি

  ওমান  প্রতিনিধি: ২৮ মে ২০২৫ , ৪:৩৩:২০ প্রিন্ট সংস্করণ

ওমানের মারমুল অঞ্চলে আজকের দিনে তাপমাত্রা রেকর্ড গড়েছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের কারণে শ্রমজীবী মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে নির্মাণশিল্প, খনিজ ও তেল-গ্যাস খাতে কর্মরত শ্রমিকদের জন্য দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ না করার নির্দেশনা জারি করা হয়েছে। তাপদাহজনিত বিভিন্ন রোগ থেকে রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মারমুল স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ড. সাইফ আল-হার্তি বলেন, “তীব্র গরমে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের (পানিশূন্যতা) ঝুঁকি অনেক বেশি। তাই সবাইকে বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং সরাসরি রোদে কাজ না করার পরামর্শ দিচ্ছি। শ্রমিকদের জন্য ছায়াযুক্ত বিশ্রামস্থল নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।”

স্বাস্থ্য বিভাগ থেকে আরও জানানো হয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। ইতোমধ্যে কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ইউনিট চালু রাখা হয়েছে।

প্রচণ্ড তাপদাহ অব্যাহত থাকলে আগামী কিছুদিনের জন্য আরও কড়াকড়ি আরোপের পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। সকল নাগরিক ও প্রবাসীদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

রবিউল হোসেন /এমআই

আরও খবর

Sponsered content