বিনোদন

মাহিয়া মাহির ভক্তদের জন্য সুখবর

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ , ১২:৪৬:৪৩ প্রিন্ট সংস্করণ

প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত শিবলি সাদিক পরিচালিত নব্বইয়ের দশকের আলোচিত সিনেমা ‘আনন্দ অশ্রু’। ১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তির পর সিনেমাটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এর গানগুলোও আজও দর্শকের মনে জায়গা করে আছে। একই নামে এবার প্রেক্ষাগৃহে আসছে নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’।

এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। সঙ্গে আছেন সাইমন সাদিক। আর সিনেমাটি নির্মাণ করেছেন ‘দুই নয়নের আলো’ সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, আগামী ১৩ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

গতকাল বুধবার সন্ধ্যায় সাজ্জাদুল ইসলাম সায়েমের তৈরি সিনেমাটির একটি লুক প্রকাশ করে মুক্তির তারিখ জানান নির্মাতা। এটি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালিত ১২তম সিনেমা।

নির্মাতা বলেন, ‘সেন্সরসহ সিনেমাটির যাবতীয় কাজ দুই বছর আগেই সম্পন্ন হয়েছে। মুক্তির জন্য ভালো সময় খুঁজতে খুঁজতে দুই বছর লেগে গেল। অবশেষে ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছি।’

সিনেমাটি পরিবেশনা করছে অভি কথাচিত্র। সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’ মুক্তি দেওয়ার প্রত্যাশা করছেন নির্মাতা।

নতুন সিনেমাটি নিয়ে মানিক স্পষ্ট করে জানান, এটি সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’র সিক্যুয়েল নয়। সম্পূর্ণ মৌলিক ও আলাদা গল্পে নির্মিত হয়েছে এটি। তার ভাষায়, এটি একটি ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা।

এর আগে, সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান সাইমন সাদিক।

‘আনন্দ অশ্রু’ প্রসঙ্গে মানিক বলেন, ‘জান্নাত’-এর পর সাইমন-মাহিকে নিয়ে এটি আমার দ্বিতীয় সিনেমা। তবে আগের ‘আনন্দ অশ্রু’র গল্পের সঙ্গে এই সিনেমার গল্পের কোনো মিল নেই। সম্পূর্ণ আলাদা গল্পে নির্মাণ করেছি। নামের ওজন আছে, তবে চাপ নেই। চেষ্টা করেছি ভালো একটি সিনেমা বানাতে। বাকিটা দর্শক দেখে তাদের মতামত জানাবেন।

সাইমন সাদিক ও মাহিয়া মাহি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী।

আরও খবর

Sponsered content