নওগাঁ প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২১:৫২ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে নওগাঁর মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান কুয়াকাটা ভ্রমণে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলার অন্তত ৪০ জন প্রধান ও সহকারী শিক্ষক।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯টার দিকে শিক্ষা কর্মকর্তা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হন। অথচ পরদিন ৬ সেপ্টেম্বর (শনিবার) ছিল ১২ রবিউল আউয়াল, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। শিক্ষা মন্ত্রণালয় ওইদিন সরকারি কর্মসূচি পালনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ধর্মীয় আয়োজনের নির্দেশ দিয়েছিল।
কিন্তু এসব নির্দেশনা অমান্য করে তিনি ও আরও কয়েকজন শিক্ষক কুয়াকাটায় ‘সমুদ্র বিলাসে’ মেতে ওঠেন। বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ওই কর্মকর্তার বদলি, বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, “সরকারি দায়িত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই কাম্য নয়। মিলাদুন্নবীর মতো গুরুত্বপূর্ণ দিনে তিনি কোথায় থাকবেন, সেটা তার জানা উচিত ছিল।”
এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




















