সারাদেশ

রাজধানীতে সাবেক বিসিএস পরিচালক ও আইটি ব্যবসায়ী মনজুরুল হাসানের ওপর হামলার অভিযোগ

  ইসমাইল হোসেন রতন ১৬ আগস্ট ২০২৫ , ১:১১:১৬ প্রিন্ট সংস্করণ

বিশিষ্ট আইটি ব্যবসায়ী এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক পরিচালক মোহাম্মদ মনজুরুল হাসান রাজধানীর ধানমন্ডিতে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় তাঁর বাসার অদূরে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তিনি জানান, হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিল। বাসার কাছাকাছি পৌঁছানোর পর তারা তাঁকে শারীরিকভাবে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলায় আহত মনজুরুল হাসান পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

হামলার কারণ সম্পর্কে মনজুরুল হাসান দাবি করেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তাঁর সম্পৃক্ততার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মামলা বা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে তথ্যও জানা যায়নি।

আরও খবর

Sponsered content