সারাদেশ

রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ২৮ এপ্রিল ২০২৬ , ৯:২৯:০৩ প্রিন্ট সংস্করণ

‘সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় রংপুরেও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বেলুন ও কবুতর উড়িয়ে জেলা জজশীপ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফজলে খোদা মো. নাজিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর দায়রা জজ মো. মশিউর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহমুদুল করিম, জেলা চিফ লিগ্যাল এইড অফিসার কৃষ্ণ কমল রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহেদ কামাল ইবনে খতীব, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক খ্রিস্টফার হিমেল রিছিল।

সভাপতির বক্তব্যে ফজলে খোদা মো. নাজির বলেন, আইনগত সহায়তা পাওয়ার অধিকার মৌলিক মানবাধিকারের অংশ। কিন্তু আর্থিক অসচ্ছলতা ও আইনি জ্ঞানের অভাবে অনেকেই এই সেবা থেকে বঞ্চিত হন। তাদের জন্য সরকারিভাবে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হচ্ছে এবং ইতোমধ্যে দেশের প্রায় আট হাজার মামলা এই ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

তিনি আরও বলেন, মিথ্যা মামলা করে কাউকে হয়রানি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবীদের দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপকারভোগী নাজমুন নাহার মিনু, মোছা. হালিমা খাতুন ও মো. নুর আলম তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া সেরা আইনজীবী হিসেবে লায়লা আনজুমান বানু ও শামীম আল মামুনকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় লিগ্যাল এইড মেলায় আরডিআরএস বাংলাদেশসহ কয়েকটি বেসরকারি সংস্থা স্টল দিয়ে আইনি সহায়তা সংক্রান্ত পরামর্শ প্রদান করে।

আরও খবর

Sponsered content