রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শনিবার রাতে বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ বাড়ির ছাদ থেকে, তার স্ত্রী ও মেয়ের মরদেহ তিনতলায় ওঠার সিঁড়ি থেকে এবং ছেলের মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, নিহতদের গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। বাড়ির বিভিন্ন অংশ তছনছ করা হয়েছে। প্রাথমিকভাবে ডাকাতির বিষয়টি সামনে রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও ক্রাইম সিন বিশ্লেষণের পর চারজনের মৃত্যুর সময় এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো মাছুয়াপাড়া এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্য।