রংপুর প্রতিনিধি : ৭ এপ্রিল ২০২৬ , ৯:৩৫:৪৩ প্রিন্ট সংস্করণ
বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া পরিচয় তৈরি করতে গিয়ে রংপুরে মোস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবক আটক হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং দোকানে গিয়ে সহকারী পুলিশ সুপারের (এএসপি) পরিচয়ে একটি আইডি কার্ড তৈরি করতে চান। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে দোকানের কর্মচারীরা বিষয়টি নিকটস্থ পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা বেরিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি। তবে প্রেমিকার কাছে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য আস্থা অর্জনের উদ্দেশ্যে তিনি ভুয়া আইডি কার্ড তৈরি করতে চেয়েছিলেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, আটক ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার মানসিক সমস্যার কথা জানানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















