মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৯:০০:১২ প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রাজশাহী মহানগর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সোমবার রাজশাহী মহানগরের কাঠালবাড়িয়া মোড় ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের এলডিপির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুজ্জামান (ডাবলু), এলডিপি নেতা জুয়েল, কাঠালবাড়িয়া মসজিদের ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বহু সাধারণ মানুষ।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন বাংলাদেশের মানুষের অধিকার ও দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
বক্তারা আরও বলেন, “আজ আমরা সর্বস্তরের জনগণ মহান আল্লাহর দরবারে দোয়া করছি—তিনি যেন দ্রুত বেগম খালেদা জিয়াকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন।”
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।





















