প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকারের নেতৃত্বে প্রতিনিধিদলে ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহিরসহ বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিএবি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের গণতান্ত্রিক অভিযাত্রা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অর্থনীতিকে শক্তিশালী করতে তাঁর অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ব্যাংক চেয়ারম্যানগণ দেশের ব্যাংকিং খাতের সার্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ব্যাংকগুলোর মূলধন ভিত্তি, সম্পদের গুণগত মান এবং সুশাসন জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
বর্তমান প্রেক্ষাপটে দেশে নতুন কোনো ব্যাংকের লাইসেন্স না দিয়ে বরং বিদ্যমান ব্যাংকগুলোকে পুনর্গঠন, শক্তিশালী ও সুসংহত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রতিনিধিদল আহ্বান জানান।





















