মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৬ , ৪:৪২:৫০ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র দুইদিন বাকি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে লালমনিরহাটের পাটগ্রাম থেকে নিজ বাড়ি দিনাজপুরের হিলির মুনশাপুর গ্রামে ফিরছিল একটি পরিবার। কিন্তু আনন্দঘন সেই যাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম সড়কে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোলে থাকা ৬ মাস বয়সী শিশুসহ মা-বাবা—মোট তিনজন নিহত হন।
নিহতরা হলেন হিলির মুনশাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমাইয়া (৩০) এবং তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান।
জানা যায়, শরিফুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ঈদের আনন্দ যেন মুহূর্তেই থমকে গেছে মুনশাপুর গ্রামে।




















